৩ মেট্রোতে ৯টি ভ্রাম্যমান ডাকঘর চালু

২৮ এপ্রিল, ২০২০ ২০:০৩  
লকডাউনে ডাক সেবা অব্যাহত রাখতে ঢাকা, রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন শহরে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ডাকঘর সেবা। প্রতিটি বিভাগের জন্য ৩টি করে কার্ভাডভ্যানে মোট নয়টি ভ্রাম্যমান ডাকঘর চালু করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হবে। বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ঢাকায় জিপিও চত্বরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সোমবার এই ডাকগাড়িগুলোর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে তার সঙ্গে ভিডিও বৈঠকে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান। অপরদিকে ঢাকা জিপিও চত্ত্বরে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রসহ ডাক অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা। ভিডিও বৈঠকে এই ভ্রাম্যমান ডাকঘরের মাধ্যমে মেট্রোপলিটন শহরের লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধ ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা সেবা প্রদানের নির্দেশনা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।